যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যেখানে উভয় পক্ষই নিজেদের বিজয় দাবি করেছে।
বিশ্বের বিভিন্ন দেশের প্রতিক্রিয়া প্যারিস থেকে পাঠানো এএফপির প্রতিবেদন অনুযায়ী নিচে তুলে ধরা হলো:
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে, এর ফলে হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজসহ সব নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা আশা করে দুই পক্ষের আলোচনা সফলভাবে সম্পন্ন হবে এবং মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে সব জাহাজের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও পরামর্শ চালিয়ে যাবে।
জাতিসংঘ
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
তার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলা এবং যুদ্ধবিরতির শর্তসমূহ অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে, যাতে স্থায়ী ও সমন্বিত শান্তির পথ সুগম হয়।’
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া সতর্ক করে বলেছে, যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব তত বেশি হবে এবং মানবিক ক্ষতিও বাড়বে।
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের কার্যালয় জানায়, অস্ট্রেলিয়া যুদ্ধবিরতি বজায় রাখা এবং সংঘাতের সমাধান দেখতে চায়। পাশাপাশি সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং বেসামরিক মানুষের জীবন রক্ষার আহ্বান জানানো হয়েছে।
নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও বলেছে, স্থায়ী শান্তি নিশ্চিত করতে এখনও ‘গুরুত্বপূর্ণ কাজ’ বাকি রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সের মুখপাত্র জানান, আগামী দিনগুলোতে স্থায়ী ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় নিউজিল্যান্ড সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন দেবে।
জাপান
জাপান বলেছে, সংকট প্রশমনে ‘বাস্তব পদক্ষেপ’ নেওয়া প্রয়োজন, যার মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা অন্যতম।
সরকারি মুখপাত্র মিনোরু কিহারা বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিস্থিতি প্রশমনে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং হরমুজ প্রণালীতে নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।’ তিনি কূটনৈতিকভাবে দ্রুত চূড়ান্ত সমাধানে পৌঁছানোর আশাও প্রকাশ করেন।
ইরাক
ইরাক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘গুরুতর ও টেকসই সংলাপ’ শুরুর আহ্বান জানিয়েছে।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ইতিবাচক পদক্ষেপকে ভিত্তি করে এমন সংলাপ শুরু করা উচিত, যা বিরোধের মূল কারণগুলো সমাধান করবে এবং পারস্পরিক আস্থা জোরদার করবে।
পাকিস্তান
পাকিস্তান-এর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইরান ও তাদের মিত্ররা ‘সর্বত্র’, এমনকি লেবাননেও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
তবে পরে ইসরাইল জানায়, এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

