দেশের ক্রিকেটাঙ্গনে এখন ঘরোয়া আসরের ব্যস্ততা তুঙ্গে। ওয়ানডে ফরম্যাটের বিসিএলে লড়ছে চার দল। এই টুর্নামেন্ট চলাকালেই গেল রোববার অনলাইনে বৈঠকে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)–এর পরিচালনা পর্ষদ। সেখানেই গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান পদে নতুন দায়িত্ব পান আসিফ আকবর।
এই পদে দায়িত্বে থাকা ইশতিয়াক সাদেক বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত করা হয় আসিফ আকবরকে। গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে সর্বশেষ বিসিবি নির্বাচনে ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলরশিপ নিয়ে নির্বাচন করে পরিচালক পদে আসেন ইশতিয়াক সাদেক। তবে দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই তার পদত্যাগের খবর নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। যদিও ইশতিয়াক নিজে জানিয়েছিলেন, সময়ের স্বল্পতার কারণে গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারায় তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তবে এখনো পর্যন্ত ইশতিয়াকের সেই পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি বিসিবি। অন্যদিকে পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর আসিফ আকবরের কাঁধে বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার সেই দায়িত্বের সঙ্গে যুক্ত হলো গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ দায়িত্বও।

