মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বিশ্ব অর্থনীতিকে নাড়া দিচ্ছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত তীব্র আকার ধারণ করায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। এরই মধ্যে তেলের দাম গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, পাশাপাশি এশিয়ার শেয়ারবাজারে দেখা দিয়েছে বড় দরপতন।

সোমবার (৩০ মার্চ) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়েছে। এর ফলে গত ১৯ মার্চের পর এটিই সর্বোচ্চ মূল্য। ওই দিন স্বল্প সময়ের জন্য তেলের দাম ব্যারেলপ্রতি ১১৯ ডলার স্পর্শ করেছিল।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ফিউচার্সের দামও ৩.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১০২.৯৬ ডলারে।

জ্বালানি বাজারের এই ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। এশিয়ার প্রধান সূচকগুলোতে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৪.৫ শতাংশ কমেছে, আর দক্ষিণ কোরিয়ার কসপি সূচক নেমেছে ৪ শতাংশের বেশি।

বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত শুরুর পর থেকেই তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানির মূল্য বেড়ে যাওয়ায় বিভিন্ন দেশকে জরুরি পদক্ষেপ নিতে হচ্ছে।

বিশেষজ্ঞরা আরও সতর্ক করে বলেছেন, গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে তেলের দাম আরও বাড়তে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদি চাপ সৃষ্টি করবে।

Share.
Leave A Reply

Exit mobile version