হরমুজ প্রণালিতে জাহাজে হামলার কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং তেল পরিবহনের খরচ কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগের মধ্যেই আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে

বাংলাদেশ সময় সকাল ৭টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৯ ডলার বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ৬৭ ডলারে নেমেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ০২ ডলার বা ১ দশমিক ০৭ শতাংশ কমে হয়েছে ৯৪ দশমিক ০৭ ডলার।

এর আগের দিন সৌদি আরামকোর সদর দপ্তরে হুতিদের হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে নতুন কৌশলে হামলার ইরানি ঘোষণার পর ডব্লিউটিআইয়ের দাম তিন সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।

সামুদ্রিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বুধবার গত ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো প্রক্ষেপিত অস্ত্রের আঘাতে হরমুজ প্রণালির কাছে একটি কনটেইনারবাহী জাহাজ ও একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।

গত ১০ দিনে ওই জলপথের আশপাশে হামলা বেড়েছে। ইরান বলছে, দেশটির বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং গত মাসে কঠোর করা নিষেধাজ্ঞার জবাবে তারা হামলা জোরদার করছে।

Share.
Leave A Reply

Exit mobile version