টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। কিন্তু এবারের আসরে নেই বাংলাদেশ দল। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবি ও আইসিসির মধ্যে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।

বিশ্বকাপে না থাকলেও দেশের ক্রিকেট থেমে নেই। এই সময়েই শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সালাহউদ্দিন।

টুর্নামেন্ট শুরুর আগে আজ বুধবার সংবাদ সম্মেলনে বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।

সালাহউদ্দিন বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলছি না। তবে আমি এমন মানুষ না যে একটা সুযোগ মিস করলে সেটার জন্য হাহুতাশ করে বসে থাকব। কাল বাঁচব কি না, সেটাই জানি না। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা না করে আমি চাই বর্তমান অবস্থায় যতটা সম্ভব ভালো করতে এবং খেলাটার উন্নতি করতে।’

মুস্তাফিজুর রহমানকে ঘিরে করা এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘এই প্রশ্নটা আমি নিজেই মুস্তাফিজকে করেছিলাম—তুমি আসলে কী অনুভব করছো? সে বলেছে, “যেটা চলে যাওয়ার, সেটা চলে গেছে।” সবাই তো মুস্তাফিজের মতো হতে পারবে না। তবে এমন মানসিকতা থাকলে সেটাই একজন ক্রিকেটারের জন্য সবচেয়ে ভালো। যে বিষয়টি আমার নিয়ন্ত্রণে নেই, সেটি নিয়ে আমি ভাবব না।’

সালাহউদ্দিন আরো বলেন, ‘দুশ্চিন্তাগ্রস্ত মানুষদের নিয়ে খুবই সমস্যা। কাল যে বাঁচবেন, তেমন নিশ্চয়তা দিতে পারবেন? আপনারা এত দুশ্চিন্তায় মরে যাচ্ছেন কেন?’ সালাহউদ্দিনের কাছে এই টুর্নামেন্টটা অনেক গুরুত্বপূর্ণ, ‘বাংলাদেশের সেরা ক্রিকেটাররা এখানে খেলছে। এটার অনেক গুরুত্ব আছে। আমরা সেভাবেই দেখছি।’

Share.
Leave A Reply

Exit mobile version