নকআউট পর্বে এসে যেন নিয়তির অদ্ভুত মিল—টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে চিরচেনা দুই প্রতিদ্বন্দ্বী ভারত ও ইংল্যান্ড। শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে মুম্বাইয়ে টানা তৃতীয় আসরের সেমিফাইনালে লড়াইয়ে নামবে দুই দল। আর ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক—তাদের চাওয়াই ছিল সূর্যকুমার যাদবদের বিপক্ষে খেলতে নামা।
গত দুই সেমিফাইনালে একবার করে জয় পেয়েছে দুই দলই। ফলে বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম-এ হতে যাওয়া ম্যাচে পরিষ্কার হবে, এই মহারণে কারা এগিয়ে থাকবে। কাকতালীয়ভাবে, এই দুই দলের মধ্যকার আগের দুটি সেমিফাইনালে যারা জিতেছে, তারাই শেষ পর্যন্ত ট্রফি ঘরে তুলেছে।
২০২২ সালে সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল। আর সবশেষ আসরে ইংলিশদের বিপক্ষে শেষ চারের ম্যাচে জয় তুলে নিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জেতে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত ক্রিকেট দল।
ম্যাচের আগে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ব্রুক বলেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত। শুনছি দলের অনেকেই বলছে, আমরা ভারতের বিপক্ষেই খেলতে চেয়েছিলাম। সেমিফাইনালে ভারতকেই চাইছিলাম। দারুণ একটা ম্যাচ হবে। দুই দলের ওপরই প্রচণ্ড চাপ থাকবে।’
ঘরের মাঠে খেলায় ভারতের সমর্থন যে অনেক বেশি থাকবে, সেটাও ভালোভাবেই জানেন ইংল্যান্ড অধিনায়ক। তাই বাস্তবতাটা মেনেই নিজেদের মানসিকভাবে প্রস্তুত করছেন তিনি। ব্রুক বলেন,
‘ভারত অবশ্যই অনেক বেশি সমর্থন পাবে। বিদেশের মাঠেও ওরা বিপুল সমর্থন পায়, সেখানে নিজেদের দেশে তো আরও বেশি পাবে। আমরা জানি, আমাদের হয়ে চিৎকার করার মতো খুব বেশি মানুষ থাকবে না। তবুও সেই পরিস্থিতির মধ্যেই আমাদের ভালো খেলতে হবে। আমরা সেটার জন্য তৈরি।’

