ঢালিউডের আলোচিত ও জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস—পর্দায় উপস্থিতি কম থাকলেও বছরজুড়ে থাকেন খবরের শিরোনামে। কখনো বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায়, কখনো শোরুম উদ্বোধনে, আবার কখনো সামাজিক মাধ্যমে নতুন লুকে হাজির হয়ে ভক্তদের নজর কাড়েন তিনি। তবে তার পেশাগত কাজের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়েই যেন বেশি কৌতূহল দর্শকদের।

দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পেরোনো এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন, ক্যারিয়ার এবং ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে খোলামেলা কথা বলেছেন। বিয়েকে জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন কি না—এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস স্পষ্টভাবেই বলেন, ‘বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই, ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’

ভবিষ্যতে আবারও ঘর বাঁধার পরিকল্পনা আছে কি না, সেই প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে রহস্য রেখেই অপু বলেন, ‘এই মুহূর্তে এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই।’ একইসঙ্গে বর্তমান সময়ের ট্রল ও সমালোচনা নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। তার ভাষ্য, এসব নেতিবাচক মন্তব্য তাকে বিচলিত করে না; বরং বেশিরভাগ সময় তিনি এগুলো এড়িয়ে চলেন, আর কখনো কখনো উপভোগও করেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান-কে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে বিয়ের বিষয়টি প্রকাশ করেন তিনি। পরবর্তীতে ২০১৮ সালের ১২ মার্চ এই দম্পতির আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। তাদের এক ছেলে সন্তান রয়েছে।

এছাড়া সাক্ষাৎকারে শুটিং ফ্লোরের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন অপু। নিজের আগের সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আগের অপু বিশ্বাসই ভালো ছিল। তখন একটু বেশি বাচ্চা ছিলাম। ক্যামেরার সামনে কী বলে ফেলতাম, কী করে ফেলতাম… কারণ ইমোশনের জন্য ক্যামেরা না; ক্যামেরা হচ্ছে পাবলিক ফেস করতে হয়।’

সবশেষে, তার চলচ্চিত্র নিয়েও রয়েছে দর্শকদের আগ্রহ। গেল ঈদুল ফিতর-এ মুক্তির কথা থাকলেও তার অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে আসেনি। তবে আসন্ন কোরবানির ঈদ-এ ‘সিক্রেট’ নামের নতুন একটি সিনেমা মুক্তি পেতে পারে বলে গুঞ্জন রয়েছে। যদিও এ বিষয়ে এখনই নির্দিষ্ট কিছু বলতে চান না ঢালিউড কুইন।

Share.
Leave A Reply

Exit mobile version