চট্টগ্রামের রাউজানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ওই বিএনপি নেতা মো. সেলিম উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেলিম উদ্দিন উপজেলার কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তাকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার ভোরে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সত্তারঘাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল বের হয়। ওই মিছিলে নেতৃত্ব দেন সেলিম উদ্দিনের ছেলে সজীব উদ্দিন। মিছিলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ তাকে শনাক্ত করেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সজীব উদ্দিন সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী। সম্প্রতি তিনি সেখান থেকে দেশে ফিরেছেন। দেশে ফেরার পর আবারও নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এর আগেও তিনি সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

ছেলের এমন কর্মকাণ্ডের কারণে দলীয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম। তিনি বলেন, সেলিম উদ্দিন চৌধুরী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ছেলের ভূমিকার কারণে তাকে আগেও কয়েকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু এরপরও তিনি ছেলেকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখতে ব্যর্থ হয়েছেন। এ কারণে তাকে কার্যত দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এদিকে মিছিলের ঘটনায় সজীব উদ্দিনকে শনাক্ত করার কথা জানিয়েছে রাউজান থানা-পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিএনপি নেতা সেলিম উদ্দিনের ছেলে সজীব সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমে নতুন করে সক্রিয় হয়েছেন। আগেও তিনি সংগঠনটির সঙ্গে যুক্ত ছিলেন। তার নেতৃত্বে স্বল্প সময়ের জন্য মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয়া অন্য ব্যক্তিরা বহিরাগত।

মিছিলের পর একই এলাকায় আরও দুটি ঘটনার কথা জানিয়েছে পুলিশ। ওসি সাইফুল ইসলাম বলেন, মিছিলের পর রাতে সত্তারঘাট এলাকায় টায়ার জ্বালিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়। এ ছাড়া সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এসব ঘটনায় পৃথকভাবে মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version