ঢালিউডের গ্ল্যামার দুনিয়ায় নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন বিদ্যা সিনহা মিম—অভিনয়ের পাশাপাশি যার ফ্যাশন স্টেটমেন্টও সমানভাবে আলোচিত। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে নতুনভাবে উপস্থাপন করাই যেন তার বিশেষত্ব। আর সেই ধারাবাহিকতায় এবার আধুনিক ফরমাল লুকে হাজির হয়ে আবারও ভক্তদের নজর কাড়লেন এই জনপ্রিয় তারকা।
শুক্রবার নিজের ফেসবুক পেজে একঝাঁক নতুন ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে তাকে হালকা ক্রিম রঙের একটি ফরমাল স্যুটে দেখা গেছে। ব্লেজার ও প্যান্টের সঙ্গে সাদা রঙের ইনার এবং মানানসই হ্যান্ডব্যাগ তার সাজে নিয়ে এসেছে আভিজাত্যের ছাপ।
খোলা চুলে চোখের সানগ্লাস আর হাতে ঘড়ি; সব মিলিয়ে মিমকে বেশ আত্মবিশ্বাসী ও গ্ল্যামারাস দেখায়। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘নমনীয় আভিজাত্যের মাঝেও সাহসিকতার ছোঁয়া।’
মিমের এই পোস্টটি করার পর থেকেই সেখানে ইতিবাচক মন্তব্য দেখা গেছে ভক্তদের। বিশেষ করে অনেক ভক্তই তার এই ক্ল্যাসি ও মার্জিত লুকের প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘বাংলাদেশের নায়িকা বলতে আমি তোমাকেই বুঝি মিম।’ আবার কেউ কেউ তার এই লুককে বিদেশি অভিনেত্রীদের সঙ্গে তুলনা করে লিখেছেন, মিমের এই সৌন্দর্য ও ফিটনেস তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি মিম বর্তমানে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে ব্যস্ত সময় পার করছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন-এর শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন; আর সেই অনুষ্ঠানেই নতুন এই লুকে হাজির ছিলেন মিম।


