নারীর প্রতি বিদ্বেষ, বৈষম্য ও সহিংসতা বন্ধের দাবিতে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে রাজপথে নেমেছেন শত শত পুরুষ। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষদেরও দায়িত্ব নিয়ে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আন্দোলনকারীদের বক্তব্য, নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে সমতা প্রতিষ্ঠার লড়াই শুধু নারীদের একার নয়, এ ক্ষেত্রে পুরুষদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) দেশটির পার্লামেন্ট ভবনের সামনে ‘নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পুরুষ’ শীর্ষক এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

অনলাইনে কিশোর ও তরুণদের মধ্যে নারীবিদ্বেষী চিন্তাভাবনার বিস্তার নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের মতে, নারীর প্রতি বিদ্বেষ ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পুরুষদেরও প্রকাশ্যে অবস্থান নিতে হবে।

বিশেষ করে, ‘ম্যানোস্ফিয়ার’ নামে পরিচিত ডানপন্থি অনলাইন নেটওয়ার্কের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন অনলাইন ফোরাম ও প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে পরিচালিত এসব নেটওয়ার্কে পুরুষের শ্রেষ্ঠত্বের ধারণা প্রচার এবং নারীবাদবিরোধী বক্তব্য ছড়িয়ে দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর অনলাইনে এসব গোষ্ঠীর তৎপরতা আরও বেড়েছে। নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য এবং হুমকি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও এসব অনলাইন প্রভাবকের উৎসাহ দেওয়ার অভিযোগ রয়েছে।

বিক্ষোভের অন্যতম আয়োজক ৪২ বছর বয়সী সমাজকর্মী ক্রিস্টোফ গোস্তেলি বলেন, নারীদের বিরুদ্ধে সহিংসতার জন্য পুরুষদেরও দায় রয়েছে। তাই এই পরিস্থিতি বদলাতে পুরুষদের নিজেদের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন।

তিনি বলেন, ‘আমরা পুরুষরাও সমস্যার অংশ। আর সেই সমস্যা হলো নারী জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা। এ কারণেই আমাদের সোচ্চার হওয়া দরকার। আমাদের বলতে হবে, আমরা আর সমস্যার অংশ হয়ে থাকতে চাই না; বরং সমাধানের অংশ হতে চাই।’

এদিকে, সুইজারল্যান্ডের তরুণদের মধ্যে পুরুষতান্ত্রিক ও আধিপত্যবাদী মনোভাবের বিস্তার নিয়ে সাম্প্রতিক এক গবেষণায় উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গত জুনে জুরিখ বিশ্ববিদ্যালয় এবং দেশটির পুরুষ ও পিতাদের বিভিন্ন সংগঠনের সমন্বিত প্ল্যাটফর্ম মেনকেয়ারের পরিচালিত এক জরিপে দেখা যায়, ১৮ থেকে ২৪ বছর বয়সী পুরুষ উত্তরদাতাদের প্রায় অর্ধেকের মধ্যে পুরুষত্ব সম্পর্কে সীমাবদ্ধ ও আধিপত্যনির্ভর ধারণা রয়েছে।

জরিপে অংশ নেওয়া তরুণদের একটি অংশের ধারণা, সমাজে ‘প্রকৃত পুরুষরা’ ক্রমেই প্রান্তিক হয়ে পড়ছেন। গবেষকদের মতে, সহিংসতাকে প্রশ্রয় দেয় এমন পুরুষতান্ত্রিক আদর্শের বিরুদ্ধে সমাজে ধারাবাহিক আলোচনা প্রয়োজন। এ বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু করা উচিত।

নারীদের অনলাইন হয়রানি ও সহিংসতার ঝুঁকি নিয়েও উদ্বেগ জানিয়েছেন সুইজারল্যান্ডের বিচারমন্ত্রী বিট ইয়ান্স। চলতি মাসের শুরুতে এক সম্মেলনে তিনি জানান, দেশটিতে সংঘটিত সহিংস অপরাধের প্রায় ৮০ শতাংশের জন্য পুরুষরা দায়ী। ধর্ষণের ঘটনায় অপরাধীদের মধ্যে পুরুষের হার প্রায় ৯৯ শতাংশ।

গত ২ নভেম্বর দেওয়া বক্তব্যে বিচারমন্ত্রী বলেন, ‘সব পুরুষই সহিংসতায় জড়িত নন। কিন্তু আমাদের এটাও স্বীকার করতে হবে, প্রায় প্রতিটি ক্ষেত্রেই সহিংসতার জন্য দায়ী পুরুষরা।’

তিনি আরও বলেন, ‘পুরুষের সহিংসতা প্রথম আঘাত করার মধ্য দিয়ে শুরু হয় না; বরং শুরু হয় অবমাননাকর মন্তব্যের মাধ্যমে। এ ক্ষেত্রে আমাদের প্রত্যেক পুরুষেরই দায়িত্ব রয়েছে।’

তরুণ প্রজন্মের মধ্যে নারীবিদ্বেষী মনোভাবের বিস্তার, অনলাইন হয়রানি এবং নারীর প্রতি সহিংসতা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যেই বার্নে এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো। আন্দোলনকারীদের দাবি, এসব সহিংসতা বন্ধে পুরুষদের নীরব দর্শক হয়ে না থেকে প্রতিরোধের অংশ হতে হবে।

Share.
Leave A Reply

Exit mobile version