নুসরাত ইমরোজ তিশা। টেলিভিশন নাটক ‘সাত প্রহরের কাব্য’ দিয়ে ছোট পর্দায় অভিনয়ের যাত্রা শুরু করেন। এরপর অভিনয় দক্ষতা দিয়ে ধীরে ধীরে দর্শকের মনে জায়গা করে নেন। সময়ের সঙ্গে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে অর্জন করেছেন পরিচিতি ও জনপ্রিয়তা।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত নিজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা ছবিগুলোতে তিশাকে দেখা গেছে ধূসর রঙের চেক নকশার পোশাকে। চোখে বড় ফ্রেমের সানগ্লাস এবং ঠোঁটে হাসি সব মিলিয়ে বেশ স্বচ্ছন্দ ভঙ্গিতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।
একটি ছবিতে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে এক হাতে সানগ্লাস স্পর্শ করে রেখেছেন তিশা। অন্য হাতটি ছড়িয়ে দিয়েছেন রেলিংয়ের ওপর। আরেকটি ছবিতে সানগ্লাস পরা অবস্থায় হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। ছবিগুলোর ক্যাপশনে তিশা লিখেছেন, ‘একটি সফল ইভেন্ট শেষে।’
এই ছবিগুলো প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের অনেকে তিশার সৌন্দর্য, মিষ্টি হাসি এবং ছবিতে তার ভিন্ন ভিন্ন ভঙ্গির প্রশংসা করেছেন।
প্রসঙ্গত, ২০১০ সালের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিশা। এ তারকা দম্পতির ইলহাম নুসরাত ফারুকী নামে একটি কন্যা সন্তান রয়েছে।


