রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রিয়া (২০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) ভোররাতের দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিয়া মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত রিয়ার বাড়ি পাবনা জেলার সদর থানার চরতারাপুর ইউনিয়নের ভাদুরডাঙ্গি গ্রামে। তিনি দুই ভাই-বোনের মধ্যে বড় ছিলেন। ঘটনার পরপরই তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা লতিফ মল্লিক জানান, তার মেয়ে জিভে ঘা ও শরীরের অন্যান্য কিছু সমস্যা নিয়ে পাঁচ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের (৮০২ নম্বর) ওয়ার্ডে ভর্তি ছিল। আজ ভোররাতের দিকে পাশের অন্য রোগীর স্বজনেরা তাকে বলেন যে তার মেয়ে লাফ দিচ্ছেন। খবর শুনে তিনি দৌড়ে গিয়ে দেখেন সব শেষ; রিয়া ৮ তলা থেকে লাফ দিয়ে নিচে থাকা একটি প্রাইভেট কারের ওপর গিয়ে পড়েছেন। এতে তার মাথা ফেটে মগজ বেরিয়ে যায়। পরবর্তীতে দ্রুত তাকে উদ্ধার করে ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
লতিফ মল্লিক আরও জানান, এসএসসি পাস করার পরই সিঙ্গাপুরপ্রবাসী এক ছেলের সঙ্গে মোবাইল ফোনে রিয়ার বিয়ে দেওয়া হয়। পরে তার স্বামী দেশে এসে আবার চলেও যান। কিন্তু অনেক চেষ্টার পরও সন্তান না হওয়ায় ধীরে ধীরে মেয়ের মানসিক সমস্যা শুরু হয়। গত ১০ দিন ধরে সমস্যাটা একটু বেশি হচ্ছিল। রিয়া সব সময় উল্টাপাল্টা কথা বলতেন; কিছু জিজ্ঞেস করলে বলতেন–‘এটা কোন দেশ? আমি কোন দেশে আছি?’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি শাহবাগ থানায় অবগত করা হয়েছে।



