দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার অপচেষ্টা আবারও শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, জনসমর্থন ছাড়া কোনো ষড়যন্ত্র বা নাশকতার চেষ্টা সফল হওয়ার সুযোগ নেই। জনগণই ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতা প্রতিহত করবে।
বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যে কাজের পেছনে জনসমর্থন থাকে না, তা কখনো টিকে থাকতে পারে না। পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা চালানো হলেও জনগণ তা প্রতিরোধ করবে।’
রিজভী বলেন, বিগত সরকারের আমলে দেশ থেকে অর্থ পাচারের পাশাপাশি বিভিন্ন ধরনের দেশবিরোধী অপতৎপরতা চালানো হয়েছে। এখনো নানা উপায়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে। তবে পরিকল্পিত ও কৃত্রিমভাবে সৃষ্ট এ ধরনের অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হবে না।
ঐতিহাসিক ৭ নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, জনগণের সামনে যখন এগিয়ে যাওয়ার পথ সংকুচিত হয়ে আসে এবং তাদের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখনই বিপ্লবের পরিস্থিতি তৈরি হয়। ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আকাঙ্ক্ষা থেকে সিপাহি-জনতা রাজপথে নেমে এসেছিল।
তিনি আরও বলেন, ওই বিপ্লবের মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে এসেছিল। একই চেতনার ধারাবাহিকতায় ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে মানুষ ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।



