দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে উঠতে হবে। এখানে প্রশিক্ষন নেয়ার পর ভুলে গেলে চলবে না। প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজ ও দেশের উন্নয়ন করতে হবে। বিএনপি সরকার জনগনের সরকার। এই সরকার জনগনের কথা চিন্তা করে বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে। যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে প্রতিটি স্কুলে খেলাধুলার উপর গুরুত্বারোপ করা হয়েছে। দিনাজপুর জেলা সীমান্তবর্তী হওয়ায় এই জেলার যুবকদের মাদক থেকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। যুবকদের খেলার মাঠে ফিরিয়ে আনতে আমরা সব ধরনের কাজ করে যাবো।
শনিবার বিকেলে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ্যাসেট প্রকল্প (৮ম সাইকেল) এর কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর নবী।
সিনিয়র ইন্সট্রাক্টর (কম্পিউটার) মোঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র ইন্সট্রাক্টর (গার্মেন্টস্) আবু পুশিদার রহমান পাভেল, ইন্সট্রাক্টর জাকির হোসেন।

