রাজধানীতে একের পর এক কনসার্ট আয়োজন, টিকিট বিক্রি, অনুষ্ঠান বাতিল এবং দর্শকদের ভোগান্তির ঘটনায় আবারও আলোচনায় এসেছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন। এবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কনসার্টের টিকিট বিক্রির মাধ্যমে হাজারো দর্শকের কাছ থেকে অর্থ নেওয়ার পর অনুষ্ঠান বাতিল করে দীর্ঘ সময়েও টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, ‘হাইপ নেশন’ ও ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’-এর ব্যানারে শিল্পী অনুভ জায়ান-এর একটি কনসার্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল। ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর ইউনাইটেড কোর্টসাইডে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আয়োজকদের ঘোষণার পর প্রায় ৫ থেকে ৭ হাজার দর্শক টিকিট সংগ্রহ করেন। তবে নির্ধারিত সময়ের আগেই কনসার্টটি বাতিল করা হলেও অনেকেই এখন পর্যন্ত টিকিটের অর্থ ফেরত পাননি বলে অভিযোগ করেছেন।
এ ঘটনায় অন্তত দুই ভুক্তভোগী সময় সমাচারের কাছে তাদের অভিযোগ তুলে ধরেছেন।
ভুক্তভোগী তাসদীদ সৌখিনের অভিযোগ, টিকিটের টাকা ফেরত চাইতে গেলে উল্টো বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। তার দাবি, অর্থ ফেরতের বিষয়ে যোগাযোগ করলেই নানা ধরনের চাপ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।
আরেক ভুক্তভোগী এইচ এম আব্দুল্লাহ বলেন, ট্রিপল টাইম কমিউনিকেশন আয়োজক হিসেবে থাকায় তিনি তাদের ওপর আস্থা রেখে টিকিটের মূল্য পরিশোধ করেছিলেন। কিন্তু অনুষ্ঠান বাতিলের পরও তিনি টাকা ফেরত পাননি। বরং পাওনা অর্থ চাইতে গেলে প্রতিনিয়ত হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
পুরোনো বিতর্কও সামনে
ট্রিপল টাইম কমিউনিকেশনের বিরুদ্ধে এটি প্রথম অভিযোগ নয়। এর আগে ২০২৪ সালের ২৯ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম-এর কনসার্ট আয়োজন করে প্রতিষ্ঠানটি। সেই আয়োজন ঘিরেও বিভিন্ন গণমাধ্যমে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ প্রকাশিত হয়।
দর্শকদের একাংশের অভিযোগ ছিল, টিকিট কেনার পরও তারা নির্ধারিত আসন পাননি। কেউ কেউ বৈধ টিকিট থাকা সত্ত্বেও অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারেননি বলেও অভিযোগ করেন। এছাড়া স্টেডিয়ামের ধারণক্ষমতার সঙ্গে সামঞ্জস্য না রেখে অতিরিক্ত টিকিট বিক্রির কারণে অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে অভিযোগ ওঠে। এতে বহু দর্শক ভোগান্তির শিকার হন।
ঘোষণার পরও হয়নি কনসার্ট
শুধু আতিফ আসলামের কনসার্ট নয়, সাম্প্রতিক আরেকটি আয়োজন নিয়েও প্রশ্ন উঠেছে। চলতি বছরের ২৬ জুন রাজধানীর ইউনাইটেড কনভেনশনে শিল্পী অনুপম রায়-এর কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল ট্রিপল টাইম কমিউনিকেশন। তবে ঘোষণার পরও সেই অনুষ্ঠান বাস্তবায়ন হয়নি বলে জানা গেছে।
এরই মধ্যে আগামী ১ আগস্ট এইচএসপি কমিউনিকেশন ও ট্রিপল টাইম কমিউনিকেশনের যৌথ আয়োজনে একই ভেন্যুতে অনুপম রায়ের আরেকটি কনসার্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। পূর্ববর্তী বিতর্ক, অনুষ্ঠান বাতিল এবং দর্শক ভোগান্তির ঘটনাগুলোর কারণে নতুন এই আয়োজন নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন সংশ্লিষ্টদের কেউ কেউ।
নিরাপত্তা নিয়েও উদ্বেগ
প্রস্তাবিত কনসার্টের ভেন্যু ইউনাইটেড কনভেনশনকে ঘিরেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট কয়েকজন। তাদের মতে, কেপিআইভুক্ত এলাকার নিকটবর্তী স্থানে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে বড় পরিসরের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন।
তাদের আশঙ্কা, পর্যাপ্ত নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত না হলে অতীতের মতো বিশৃঙ্খলা, দর্শক ভোগান্তি কিংবা নিরাপত্তাজনিত জটিলতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে টিকিট বিক্রি, প্রবেশ ও আসন ব্যবস্থাপনা নিয়ে পূর্ববর্তী অভিযোগের পর নতুন আয়োজনের আগে আয়োজকদের পরিকল্পনা ও প্রস্তুতি সম্পর্কে স্বচ্ছতা থাকা জরুরি বলে মনে করছেন তারা।
আয়োজকের বক্তব্য
এসব অভিযোগের বিষয়ে ট্রিপল টাইম কমিউনিকেশনের স্বত্বাধিকারী প্রীতম দে-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলো অস্বীকার করেন। টিকিটের অর্থ ফেরত না দেওয়া এবং ভুক্তভোগীদের অভিযোগের দায় তিনি নিজের প্রতিষ্ঠানের ওপর না নিয়ে ‘হাইপ নেশন’-এর ওপর বর্তানোর চেষ্টা করেন বলে অভিযোগকারীদের দাবি।
তবে ভুক্তভোগীদের দাবি, কনসার্টের প্রচারণা, টিকিট বিক্রি এবং আয়োজনের মূল দায়িত্বে ছিল ট্রিপল টাইম কমিউনিকেশন। দর্শকদের কাছ থেকে টিকিটের অর্থও প্রতিষ্ঠানটির মাধ্যমেই সংগ্রহ করা হয়েছে বলে তারা দাবি করেন।

