ঈদযাত্রাকে ঘিরে গত ১৫ দিনে ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং ১ হাজার ২৮৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সোমবার (৩০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এসব তথ্য তুলে ধরেন।
এ সময়ে রেলপথে ২৩টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৫ জন এবং আহত হয়েছেন ২২৩ জন। নৌপথে ৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮ জন, আহত হয়েছেন ১৯ জন এবং এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন।সড়ক মহাসড়কে ৩৪৬টি দুর্ঘটনায় নিহত ৩৫১ ও আহত হয়েছেন ১০৪৬ জন।সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে মোট ৩৭৭টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৩৯৪ জনের এবং আহত হয়েছেন ১ হাজার ২৮৮ জন।
দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। ১২৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৫ জন। এসময় মোজাম্মেল হক চৌধুরী জানান, বিগত বছরের তুলনায় এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ৮.৯৫ শতাংশ, প্রাণহানি ৮.২৬ শতাংশ এবং আহতের সংখ্যা ২১.০৫ শতাংশ বেড়েছে। এছাড়া জাতীয় মহাসড়কেই সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরও অভিযোগ করেন, এবারের ঈদে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রভাবের কারণে ভাড়া নৈরাজ্য, সড়ক দুর্ঘটনা এবং পরিবহন খাতে বিশৃঙ্খলা আগের দুই ঈদের তুলনায় বেড়েছে।


