রুদ্ধশ্বাস সামরিক উত্তেজনার মধ্যেই নতুন মোড় নিল ইরানে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের ঘটনা। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিধ্বস্ত এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকেও উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র, যদিও তার অবস্থা এখনও স্পষ্ট নয়।
রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এক মার্কিন সামরিক কর্মকর্তা জানান, দীর্ঘ অনুসন্ধানের পর দ্বিতীয় ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে মার্কিন বাহিনী। তবে তাকে জীবিত না মৃত অবস্থায় পাওয়া গেছে—সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
এর আগে শুক্রবার (৩ এপ্রিল) সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করে। সাধারণত এ ধরনের বিমানে দুইজন ক্রু সদস্য থাকেন—একজন পাইলট এবং অন্যজন অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তা। বিমানটি বিধ্বস্ত হওয়ার দিনই প্রথম ক্রু সদস্যকে উদ্ধার করে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। এরপর দ্বিতীয় জনের সন্ধানে তারা সরাসরি ইরানের অভ্যন্তরে অভিযান চালায়।
ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা জোরদার করে যুক্তরাষ্ট্র। নজরদারি বিমান মোতায়েনের পাশাপাশি একটি হেলিকপ্টার দিয়েও উদ্ধার প্রচেষ্টা চালানো হয়। তবে ইরানি বাহিনীর প্রতিরোধের মুখে সেই প্রচেষ্টা সাময়িকভাবে ব্যাহত হয়।
এদিকে, নিখোঁজ মার্কিন সেনাকে আটক করতে পারলে ৬০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করে ইরান, যা পরিস্থিতিকে আরও জটিল ও উত্তেজনাপূর্ণ করে তোলে।

