ইরানের ওপর মার্কিন সামরিক চাপ এখনও শেষ হয়নি—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে সেতু ও বিদ্যুৎকেন্দ্র, এখনও সম্ভাব্য মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয়ে রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “ইরানে যা কিছু এখনও অবশিষ্ট আছে, মার্কিন সেনারা সেগুলো ধ্বংস করাই শুরু করেনি। সেখানে সেতু আছে, এরপর আছে বিদ্যুৎকেন্দ্র।”
এর কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প দাবি করেন, ইরানের সবচেয়ে উঁচু সেতুটি ধ্বংস করে দেওয়া হয়েছে।
গত এক মাস ধরে চলা সংঘাতে ইরানের বড় বড় সামরিক স্থাপনার অধিকাংশই ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে বলে বারবার দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষ্য, ইরানের সামরিক সক্ষমতা এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।
ট্রাম্প আরও বলেন, “ইরানের নতুন নেতৃত্ব জানে তাদের কী করতে হবে, আর সেটি দ্রুতই করতে হবে।”
বিশ্লেষকদের ধারণা, এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প মূলত তেহরানকে দ্রুত ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে আসার বার্তা দিয়েছেন।

