ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রানের পর রান করে নতুন ইতিহাস গড়তেই যেন নামেন বিরাট কোহলি। এবারও তার ব্যতিক্রম হলো না। ধর্মশালার মাঠে ব্যাট হাতে নেমেই অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক। এক ফ্র্যাঞ্চাইজির হয়ে ওপেনার হিসেবে আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাড়ে ৫ হাজার রান পূর্ণ করার কৃতিত্ব এখন শুধুই কোহলির।

আইপিএলের ৬১তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ম্যাচ শুরুর আগে এই রেকর্ড গড়তে কোহলির প্রয়োজন ছিল মাত্র ৭ রান। ইনিংসের দ্বিতীয় ওভারে আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে দৃষ্টিনন্দন এক ছক্কা হাঁকিয়ে কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছে যান তিনি।

এর আগে ওপেনার হিসেবে আইপিএলে ৫৫০০ রান করেছিলেন শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নার। তবে তারা দুজনই একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে এই অর্জন করেছিলেন। একমাত্র কোহলিই একই ফ্র্যাঞ্চাইজি আরসিবির হয়ে এই অনন্য কীর্তি গড়লেন।

এদিকে নিজের শততম আইপিএল ম্যাচে অধিনায়ক হিসেবে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দলটি আগের ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনে হরপ্রীত ব্রার ও লকি ফার্গুসনকে দলে অন্তর্ভুক্ত করেছে।

অন্যদিকে নিয়মিত অধিনায়ক রজত পাতিদার না থাকায় এই ম্যাচে আরসিবিকে নেতৃত্ব দিচ্ছেন জিতেশ শর্মা। বেঙ্গালুরুও একাদশে দুটি পরিবর্তন এনে সুযোগ দিয়েছে সুয়াশ শর্মা ও রোমারিও শেফার্ডকে।

Share.
Leave A Reply

Exit mobile version