ইতালির আগ্রিজেন্তো শহরে পাঁচ বাংলাদেশি যুবককে যৌন নিপীড়ন, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগে ৩৯ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
প্রাথমিক শুনানিতে বিচারক মিশেল ডুবিনি এ রায় ঘোষণা করেন। এর আগে সরকারি কৌঁসুলি এলেত্রা কনসোলি দ্রুত বিচার প্রক্রিয়ায় শাস্তি কমিয়ে ১২ বছর ৪ মাসের কারাদণ্ডের আবেদন করলেও আদালত আরও কঠোর অবস্থান নিয়ে ১৪ বছরের সাজা দেন।
রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, পরিবার-পরিজন ছাড়া ইতালিতে আসা পাঁচ বাংলাদেশি যুবকের অসহায় অবস্থার সুযোগ নেন অভিযুক্ত। সহায়তার আশ্বাস দিয়ে তাদের নিজের বাসা বা আশপাশে আশ্রয় দেন এবং আস্থা অর্জনের পর বিভিন্ন সময়ে ভয়ভীতি, হুমকি ও সহিংসতার মাধ্যমে যৌন নিপীড়ন চালান।
তদন্তে উঠে এসেছে, ঘটনাগুলো ২০২৪ সালের মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে ঘটে। ভুক্তভোগীদের বয়স ছিল ১৭ থেকে ২৫ বছরের মধ্যে। একটি ঘটনায় আত্মরক্ষার সক্ষমতা কমিয়ে দিতে এক ভুক্তভোগীকে জোর করে মদ্যপান করানো হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।
রাষ্ট্রপক্ষ আরও জানায়, ২০২৫ সালের ২১ জানুয়ারি থানায় তথ্যদাতা হিসেবে তলব করা এক ভুক্তভোগীকে ঘটনাটি গোপন রাখতে এবং সাক্ষ্য না দিতে হুমকি দেন অভিযুক্ত।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী সালভাতোরে পেনিকা অভিযোগের পক্ষে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ নেই দাবি করে খালাস চান। বিকল্প হিসেবে ইলেকট্রনিক নজরদারির আওতায় গৃহবন্দি রাখার আবেদনও করেন। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেন।
বর্তমানে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি ইতালির একটি কারাগারে সাজা ভোগ করছেন।


