জুলাই অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ (৫ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে। চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ১ ফেব্রুয়ারি এ দিন রায় ঘোষণার জন্য নির্ধারণ করেন।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলার ১৬ আসামির মধ্যে বর্তমানে আটজন গ্রেপ্তার রয়েছেন।
তারা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই আবদুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল চোকদার।
২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট ছয়জনকে হত্যার অভিযোগ এনে ২০২৫ সালের ১৯ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেল প্রায় ৩টার দিকে আশুলিয়া থানার সামনে পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়। গুলিতে গুরুতর আহত হন আরও একজন। পরে আহত ব্যক্তি ও পাঁচজনের মরদেহ প্রথমে একটি প্যাডাল ভ্যানে তোলা হয় এবং সেখান থেকে পুলিশের একটি গাড়িতে স্থানান্তর করা হয়। একপর্যায়ে পুলিশ ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়।
গত বছরের ২১ আগস্ট মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ১৪ সেপ্টেম্বর প্রসিকিউশন সূচনা বক্তব্য দেয়, এরপর শুরু হয় সাক্ষ্যগ্রহণ।
চলতি বছরের ২০ জানুয়ারি প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।


