সিনেমার পর্দা জয় করার পর এবার ক্রিকেট অবকাঠামোতেও নতুন ইতিহাস গড়লেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। যুক্তরাষ্ট্রে নিজের ফ্র্যাঞ্চাইজি ‘লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স’-এর জন্য উদ্বোধন করলেন অত্যাধুনিক ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’। বৈশ্বিক ক্রিকেট বিস্তারের পথে এটি নাইট রাইডার্স গ্রুপের আরেকটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সিনেমার পাশাপাশি ক্রিকেটেও শাহরুখ খানের প্রভাব কম নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ তার দল কলকাতা নাইট রাইডার্সের সাফল্য সুপরিচিত। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), উইমেনস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০) এবং মেজর লিগ ক্রিকেটেও রয়েছে নাইট রাইডার্স গ্রুপের ফ্র্যাঞ্চাইজি।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে শাহরুখের দলের নাম লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। সেই দলের হোম ভেন্যু হিসেবেই ক্যালিফোর্নিয়ার পোমোনা শহরের ফেয়ারপ্লেক্স কমপ্লেক্সে চালু করা হয়েছে ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’।
গতকাল এক ভিডিও বার্তায় স্টেডিয়ামটির উদ্বোধনের সুখবর জানান শাহরুখ খান। এ অর্জনকে তিনি নিজের দীর্ঘদিনের স্বপ্নপূরণ বলেই উল্লেখ করেন।
শাহরুখ বলেন, “এর শুরুটা হয়েছিল একটা স্বপ্নের মতো, আজ তা বাস্তবে রূপ নিল। আমাদের নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে সবাইকে স্বাগত। এটি শুধু ক্রিকেটের জন্য নয়, বিনোদন ও পরিবারের জন্যও একটি বিশেষ জায়গা।”
জানা গেছে, স্টেডিয়ামটির পরিচালনার দায়িত্বে রয়েছে শাহরুখ খানের প্রতিষ্ঠান। তবে জমি ও অবকাঠামোর মালিকানা রয়েছে ফেয়ারপ্লেক্সের (লস অ্যাঞ্জেলস কাউন্টি ফেয়ার অ্যাসোসিয়েশন) কাছে। প্রতিষ্ঠানটির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে স্টেডিয়ামটি পরিচালনা করবে নাইট রাইডার্স গ্রুপ।
নাইট রাইডার্স গ্রুপে শাহরুখ খানের পাশাপাশি অংশীদার হিসেবে রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা এবং শিল্পপতি জয় মেহতা। দীর্ঘদিন ধরেই বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে নিজেদের উপস্থিতি শক্তিশালী করে আসছে গ্রুপটি। নতুন এই স্টেডিয়াম সেই বৈশ্বিক সম্প্রসারণে আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে ক্রিকেটের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত তার নতুন সিনেমা ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।


