বলিউডে ভাড়াটে খুনির চরিত্র নতুন নয়, তবে সেই চরিত্রে একজন নারীকে কেন্দ্র করে পুরো গল্প নির্মাণের ঘটনা খুব একটা দেখা যায়নি। সেই প্রচলিত ধারায় ব্যতিক্রম এনে এবার ‘হিটওম্যান’ রূপে হাজির হচ্ছেন অভিনেত্রী হুমা কুরেশি। রহস্য, অ্যাকশন ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনের মিশেলে নির্মিত তার নতুন সিনেমা ‘বেবি ডু ডাই ডু’র টিজার প্রকাশ পেয়েছে, যেখানে এক নীরব কিন্তু ভয়ংকর নারীর চরিত্রে চমকে দিয়েছেন তিনি।
আজ প্রকাশিত টিজারে মুম্বাইয়ের ব্যস্ত নগরজীবনের পটভূমিতে উঠে এসেছে এক রহস্যময় চরিত্রের গল্প। হুমা কুরেশি অভিনীত বেবি কারমারকার লাল রঙের একটি ছাতা হাতে শহরের পথে পথে ঘুরে বেড়ায়। বাইরে থেকে সাধারণ মনে হলেও সেই ছাতার ভেতরেই লুকিয়ে থাকে প্রাণঘাতী অস্ত্র। মুখে কোনো সংলাপ নেই, কিন্তু তার প্রতিটি পদক্ষেপে ছড়িয়ে পড়ে আতঙ্ক। একের পর এক হত্যাকাণ্ড ঘটাতে থাকা এই নারীর অতীতও সুখকর নয়। টিজারে তার জীবনের বেদনাময় কিছু অধ্যায়ের ইঙ্গিত মিলেছে, যা চরিত্রটিকে আরও রহস্যময় করে তুলেছে।
ছবিটিতে হুমা কুরেশির পাশাপাশি অভিনয় করেছেন সিকান্দার খের, চাঙ্কি পাণ্ডে, সীমা পাহওয়া, রচিত সিং ও মারুধর শেখাওয়াত। সিনেমাটির প্রযোজক হুমার ভাই ও অভিনেতা সাকিব সেলিম। টিজার প্রকাশের পর তিনি বলেন, “অবশেষে দর্শকদের সামনে বেবির জগতের দরজা খুলে দিতে পেরে আমরা আনন্দিত। বেবি কারমারকারের রহস্যের আড়ালে রয়েছে একঝাঁক স্মরণীয় চরিত্র, যাদের প্রত্যেকেই গল্পে নতুন মাত্রা যোগ করেছে। দর্শকরা ধীরে ধীরে সূত্রগুলো মিলিয়ে এই অনিশ্চিত ও রোমাঞ্চকর জগতে প্রবেশ করবেন বলে আমরা আশা করছি।”
নির্মাতা নচিকেত সামন্ত পরিচালিত ‘বেবি ডু ডাই ডু’ আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। টিজার দেখেই অনেকের ধারণা, এটি হতে পারে হুমা কুরেশির ক্যারিয়ারের অন্যতম ভিন্নধর্মী ও সাহসী চরিত্র।



